চীনের শিল্প খাতের মুনাফা অক্টোবরে তৃতীয় মাসের মতো বেড়েছে। তবে এ প্রবৃদ্ধির হার আগের মাসগুলোর তুলনায় কম। আগামীতে প্রবৃদ্ধি বাড়াতে বেইজিং প্রশাসনের সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খবর রয়টার্স।
বার্ষিক ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি মুনাফার প্রবৃদ্ধিকে একক অংকে নিয়ে গেছে। যেখানে সেপ্টেম্বরে ১১ দশমিক ৯ এবং আগস্টে ১৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
গতকাল ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) তথ্যানুসারে, ২০২৩ সালের প্রথম ১০ মাসের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে, যা প্রথম নয় মাস ৯ শতাংশ থেকে সংকুচিত হয়েছে।
চীনের অর্থনীতি কভিড-১৯-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে লড়াই করছে। তবে হাউজিং মার্কেটে দুরাবস্থা, স্থানীয় সরকারে ঋণের ঝুঁকি, মন্থর বৈশ্বিক প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনা অর্থনীতি পুনরুদ্ধারের গতি কমিয়ে দিয়েছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সিনিয়র অর্থনীতিবিদ জু তিয়ানচেন বলেন, ‘টানা তিন মাসের ইতিবাচক মুনাফা বৃদ্ধি ইঙ্গিত করে—উচ্চ উৎপাদন খরচ, অতিরিক্ত সক্ষমতা ও মন্থর চাহিদাকে।’
এনবিএস জানায়, কর্তৃপক্ষের উচিত অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করা। এছাড়া ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণের দিকে মনোনিবেশ করাও দরকার।
পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুসারে, অক্টোবরে টানা অষ্টম মাসে আমদানি-রফতানি সংকুচিত হয়েছে। তবে অক্টোবরে শিল্প খাতে উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে শক্তিশালী রেস্তোরাঁ ব্যবসা ও গাড়ির কেনাবেচা।
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস একটি বিবৃতিতে জানায়, বিভিন্ন খাতে পৃথক আয় দেখা গেছে। উদাহরণ স্বরূপ, আসবাবপত্রের প্রতিষ্ঠানগুলোর আয় ২০২৩ সালের প্রথম ১০ মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কমেছে। একই সময় ইলেকট্রনিকস নির্মাতাদের আয় ২০ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
অর্থনীতিবিদ জু তিয়ানচেন জানান, বৈশ্বিক ইলেকট্রনিকস কোম্পানিগুলো ঘুরে দাঁড়ানোয় চীনা নির্মাতারা লাভবান হবেন। তিনি ২০২৪ সালে বৈদ্যুতিক যানবাহন, লিথিয়াম ব্যাটারি এবং সৌরবিদ্যুৎ খাতের নেতিবাচক দিক ও অতিরিক্ত সক্ষমতা সম্পর্কে সতর্ক করেন।
চীনের কেন্দ্রীয় ব্যাংক গতকাল বেসরকারি কোম্পানিগুলোর জন্য আর্থিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেং জানান, উচ্চ প্রবৃদ্ধির হারের চেয়ে সামগ্রিক অর্থনীতির মোড় পাল্টে দেয়া অধিক গুরুত্বপূর্ণ।
চীনের ব্লু চিপ সিএসআই৩০০-এর সূচক ১ দশমিক ২১ শতাংশ কমেছে। যেখানে হংকংয়ের হাং সেংয়ের সূচক কমেছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ।
এনবিএসের তথ্যানুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রথম ১০ মাসের মুনাফা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। বিদেশী প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমেছে ১০ দশমিক ২ শতাংশ। এছাড়া বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর ১ দশমিক ৯ শতাংশ মুনাফা কমেছে।










