বিদ্যুচ্চালিত গাড়ির সম্প্রসারণে দেশজুড়ে নতুন পাঁচ হাজার চার্জিং স্টেশন স্থাপন করবে সৌদি আরব। সৌদি ইলেকট্রিক কোম্পানি (এসইসি) ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) একযোগে কাজ করতে ইলেকট্রিক ভেহিকল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি স্থাপন করেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ইলেকট্রিক ভেহিকল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে পিআইএফের হাতে। বাকি ২৫ শতাংশের মালিক হবে এসইসি। নবগঠিত প্রতিষ্ঠানটি সৌদি আরবজুড়ে ইভি চার্জার স্থাপনের প্রতি জোর দেবে। এজন্য অন্তত এক হাজার স্থানকে নির্বাচন করা হয়েছে ২০৩০ সালের মধ্যে পাঁচ হাজার চার্জিং স্টেশন স্থাপনে।

কোম্পানি সৌদি আরবের বিদ্যুচ্চালিত গাড়ির সম্প্রসারণ করতে চায়। চার্জিং স্টেশনের সম্প্রসারণ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তিগত উন্নয়নে অভ্যন্তরীণ জনবল ও দক্ষতাকে কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে সৌদি আরবের অর্থনীতিতে বহুমাত্রিকতা আসবে। বিশেষ করে জিডিপিতে জ্বালানি তেলবহির্ভূত খাতের অবদান বাড়বে। তৈরি হবে নতুন কর্মসংস্থান।

পিআইএফের জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর আল মাধি বলেছেন, ‘ইলেকট্রিক‌ ভেহিকল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি গ্রাহককে চমৎকার অভিজ্ঞতা দেয়ার জন্য কাজ করছে। সৌদি আরবে বিদ্যুচ্চালিত গাড়ির সম্প্রসারণে অনুকূল পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য।’