চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্বালানি তেলবহির্ভূত বিদেশী বাণিজ্য ৪৯ হাজার ৯৭০ কোটি দিরহাম বা ১৩ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। খবর আরব নিউজ।
এমিরেটস ফেডারেল কম্পিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিসটিকস সেন্টারের তথ্য বলছে, এ বছরের প্রথম তিন মাসের তেলবহির্ভূত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। এ হার ২০১৯ সালে কভিড-পূর্ব সময়ের চেয়ে ২৬ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম তিন মাসে ইউএইর শীর্ষ বাণিজ্যিক অংশীদার ছিল এশিয়ার বৃহত্তম অর্থনীতি চীন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য মোট ৫ হাজার ৭০০ কোটি দিরহামে দাঁড়িয়েছে। এছাড়া ভারতের সঙ্গে ৪ হাজার ৬২০ কোটি দিরহাম ও সৌদি আরবের সঙ্গে ৩ হাজার ২৫০ কোটি দিরহামের বাণিজ্য করেছে দেশটি।
জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ইউএই। চলতি বছরের মার্চে ইউএইর বিদেশী বাণিজ্যমন্ত্রী ডক্টর থানি আল জিওদি জানান, ১০ বছরে দেশটির মোট জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য দাঁড়িয়েছে ১৬ লাখ ১০ হাজার কোটি দিরহামে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ বলেন, ২০২১ সালে ইউএইর জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য ২৭ শতাংশ বেড়ে ১ লাখ ৯০ হাজার কোটি দিরহামে উন্নীত হয়েছে। ২০১৯ সালের তুলনায় এ হার ১১ শতাংশ বেশি ছিল।










