চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে প্রায় ১৭ শতাংশ। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিটি খাতের কোম্পানিটি।
পিএসআইয়ের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে জেনেক্স ইনফোসিসের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৭৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪৭ পয়সা বা ১৬ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ৬৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৪ পয়সায়।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেনেক্স ইনফোসিস। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১১ পয়সা।
৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ২২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৫০ পয়সা।
২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৪ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৪০০। এর মধ্যে কোম্পানির উদ্যোক্ত -পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ২০ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ, দশমিক শূন্য ৫ শতাংশ বিদেশী ও বাকি ৪৩ দশমিক ৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
সর্বশেষ রেটিং অনুযায়ী, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’
ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত আনুষঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৪ টাকা ৭০ পয়সা ও ১৮৫ টাকা।










