ব্রাজিলে সয়াবিন উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে দেশটির জাতীয় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কোনাব। পূর্বাভাস সংশোধন সত্ত্বেও ২০২৩-২৪ মৌসুমে দক্ষিণ আমেরিকার এ দেশে রেকর্ড ফলন প্রত্যাশা করছে সংস্থাটি। খবর রয়টার্স।

সংশোধিত পূর্বাভাসে কোনাব জানিয়েছে, চলতি বছর দেশটিতে ১৬ কোটি ১ লাখ ৭৭ হাজার টন সয়াবিন উৎপাদন হবে। তবে এর আগে গত নভেম্বরে সংস্থাটি ১৬ কোটি ২৪ লাখ ২০ হাজার টন উৎপাদন প্রত্যাশার কথা জানিয়েছিল। আবহাওয়ায় এল নিনোর প্রভাবের কারণে দেশটিতে সয়াবিন আবাদ দেরি হয়েছে, যা দেশটির ফলন কমার কারণ হতে পারে বলে মনে করছে কোনাব।

সংস্থাটি বলছে, ২ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৩ দশমিক ১ শতাংশ জমিতে সয়াবিন আবাদ সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ মৌসুমের একই সময় লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৭ শতাংশ জমির চাষাবাদ সম্পন্ন করেছিলেন সয়াবিন চাষীরা।

বিশ্বের শীর্ষ সয়াবিন সরবরাহকারী দেশটিতে উৎপাদন কমে গেলে তা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোনাব এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের কিছু রাজ্যে অনিয়মিত বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে চাষাবাদ ব্যাহত হয়েছে। এ কারণে তেলবীজটির উৎপাদন পূর্বাভাসকে কমানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন বেসরকারি পরামর্শদাতা সংস্থাগুলোও ব্রাজিলে শস্যটির উৎপাদন পূর্বাভাস কমিয়েছে। মৌসুমের শুরুতে অনেক বেসরকারি সংস্থার পূর্বাভাস ১৬ কোটি ৪০ টন পর্যন্ত উঠেছিল।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ব্রাজিলের সেন্ট্রাল ওয়েস্টে বৃষ্টিপাতের অভাবে রোপণ বিলম্ব হয়েছে। কিছু রাজ্যে অনেক কৃষক আবার রোপণ করতে বাধ্য হয়েছেন। এসব কারণে জরিপকারী সংস্থাগুলো তাদের পূর্বাভাস সংশোধন করতে শুরু করেছে। একজন পূর্বাভাসদাতা বলছেন, ‌ব্রাজিলের উৎপাদন ১৫ কোটি ৬ লাখ ৭ হাজার টনে নামতে পারে, যা গত মৌসুমের চেয়েও কম।

মাতো গ্রোসোর দক্ষিণে ও মাতো গ্রোসো দো সুলের উত্তর-পশ্চিমে মাটির আর্দ্রতা বেশ কমে গেছে। বৃষ্টির অভাবে অঞ্চলটিতে কৃষকরা চাষাবাদ পিছিয়ে দিয়েছেন। ফলে কোনাব অতিরিক্ত উৎপাদন পূর্বাভাস কমিয়েছে।

অন্যদিকে কোনাব ব্রাজিলের ভুট্টা উৎপাদন পূর্বাভাসও কমিয়েছে। নভেম্বরে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছিল, ২০২৩-২৪ বিপণন বছরে দেশটিতে ১১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টন ভুট্টা উৎপাদন হতে পারে। সর্বশেষ প্রতিবেদন ওই পূর্বাভাস ১১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টনে নামিয়ে এনেছে কোনাব।

চলতি বছর প্রায় ২ কোটি ১০ লাখ হেক্টর (৫ কোটি ১৮ লাখ ৯২ হাজার একর) জমিতে ভুট্টা আবাদের পূর্বাভাস দিয়েছে কোনাব, গত মৌসুমের তুলনায় যা ৫ দশমিক ৩ শতাংশ কম।