সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সমন্বিত লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট লোকসান কমেছে ৭০ শতাংশের বেশি। সর্বশেষ প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০৫ কোটি ৪৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৬৯৪ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত লোকসান কমেছে ৪৮৮ কোটি ৭৮ লাখ টাকা বা ৭০ দশমিক ৪১ শতাংশ। ২০২১ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৩১ টাকা ৩০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১৫৪ টাকায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৪৪ টাকা ৯৩ পয়সায়।

এদিকে লোকসানের কারণে আগের দুই হিসাব বছরের ধারাবাহিকতায় এবারো শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের ঘোষণা করেনি ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

সর্বশেষ ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ইন্টারন্যাশনাল লিজিং। ২০১৭ হিসাব বছরে ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের তিন হিসাব বছরে ৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩ হাজার ৪৩৬ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬। এর মধ্যে ৪১ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২৩ দশমিক ৭৪ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪ দশমিক ৭২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল লিজিং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ও ১১ টাকা ২০ পয়সা।