ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে ব্লক মার্কেটে ১৪৮ কোম্পানির মোট ১৬৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ব্লক মার্কেটে আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয় ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির। কোম্পানিটির ৫২ লাখ ৪৪ হাজার ৭৮৫ শেয়ার মোট ২৮ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯ লাখ ৬৩ হাজার ২৭১ শেয়ার ১৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়। তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের।
এছাড়া ব্লক মার্কেটে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ কোটি ৯৯ লাখ ৯০ হাজার, বেক্সিমকো লিমিটেডের ৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৪ কোটি ৮২ লাখ, ইজেনারেশন লিমিটেডের ৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪ কোটি ১২ লাখ ১০ হাজার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪ কোটি ৪ লাখ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩ কোটি ৬০ লাখ ও পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯৪ পয়েন্টে।
শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত ছিল ২০০টির। এছাড়া লেনদেন হয়নি ২৬টির।
ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৫৯৭ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ৫৪৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে সাধারণ বীমা খাত। ৮ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ খাত।









