বিশ্বজুড়ে মহামারীর প্রভাব কমে যাওয়ার পর বিদেশী পর্যটক বেড়েছে শ্রীলংকায়। সদ্য শেষ হওয়া বছরে ৭ লাখ ১৯ হাজার ৯৭৮ জন বিদেশী পর্যটক পেয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। শ্রীলংকাভিত্তিক সংবাদমাধ্যম নিউজওয়্যার এ তথ্য জানিয়েছে।

শ্রীলংকার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ (এসএলটিডিএ) জানিয়েছে, ২০২১ সালে রেকর্ড করা ১ লাখ ৯৪ হাজার ৪৯৫ জনের তুলনায় গত বছর বিদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের মার্চে সবচেয়ে বেশি পর্যটক পেয়েছিল দেশটি। সে সময় ১ লাখ ৬ হাজার ৫০০ জন বিদেশী পর্যটক দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ করেছিলেন।

সর্বশেষ ডিসেম্বরে ৯১ হাজার ৯৬১ জন পর্যটক পেয়েছিল দেশটি। ২০২২ সালের সর্বশেষ মাসে রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি পর্যটক পেয়েছিল শ্রীলংকা। দেশগুলো থেকে পর্যটকের সংখ্যা ছিল যথাক্রমে ১৯ হাজার ৯৬৩, ১৭ হাজার ৩৫০ ও ৭ হাজার ৮৭৯ জন। এছাড়া ২০২২ সালে শ্রীলংকার শীর্ষ ১০টি উৎস গন্তব্যের মধ্যে ছিল অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ফ্রান্স, কানাডা ও ইসরায়েল।