চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) থাইল্যান্ডের অর্থনৈতিক কার্যক্রমে শ্লথগতি দেখা গিয়েছে। মূলত জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণেই দেশটির অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। খবর ব্যাংকক পোস্ট।
চলতি বছরের মে মাসে বিশ্বব্যাংক থাইল্যান্ডের অর্থনৈতিক পর্যবেক্ষক বিভাগের প্রতিবেদন বলছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকের সূচকে অর্থনৈতিক শ্লথগতির ইঙ্গিত দেখা দিয়েছে। এ বিষয়ে একটি জরিপ করা হয়। জরিপে দেখা যায়, জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতি ভোক্তা ব্যয়ে প্রভাব ফেলেছে। কভিড-১৯ মহামারীর কারণে আগে থেকেই বিশ্ববাজারে জ্বালানির দাম বেশি ছিল। ইউক্রেনে রুশ আক্রমণের পর জ্বালানির দাম আরো লাফিয়ে লাফিয়ে বাড়ে। এতে জীবনযাত্রার ব্যয়ও ঊর্ধ্বমুখী হয়।
এদিকে এপ্রিল ও মে মাসে নভেল করোনাভাইরাসে আক্রান্তের হার কমে যাওয়া সত্ত্বেও দেশটির গতিশীলতা সূচক ১৬ পয়েন্টে স্থির ছিল। মে মাসের প্রথম দুই সপ্তাহে দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল দৈনিক গড়ে ৮ হাজার ১৯৩। অথচ মার্চ ও এপ্রিলে এ সংখ্যা ছিল ২০ হাজারেরও বেশি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে গতিশীলতা সূচক কভিডপূর্ব অবস্থাকে ছাড়িয়ে গিয়েছে।
চলতি বছরের মার্চে থাইল্যান্ডের ব্যক্তিগত ব্যয়ের সূচক আগের মাসের তুলনায় দশমিক ৯ শতাংশ কমে গিয়েছে। টানা চার মাসের মতো এ বছরের এপ্রিলে ভোক্তা আস্থা সূচকের নিম্নমুখিতা অব্যাহত ছিল। এপ্রিলে আগের মাসের তুলনায় সূচক ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৪০ দশমিক ৭ পয়েন্টে নেমে আসে।
জ্বালানি ও খাদ্য ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছে থাই জনগণ। এতে করে মূল্যস্ফীতির হার ব্যাংক অব থাইল্যান্ডের লক্ষ্যমাত্রার উপরে অবস্থান করছে বলে প্রতিবেদনে জানানো হয়। চলতি বছরের মার্চে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ, যা গত ১৩ বছরের সর্বোচ্চ। এপ্রিলে এ হার কিছুটা কমে দাঁড়ায় ৪ দশমিক ৭ শতাংশে। অথচ ব্যাংক অব থাইল্যান্ডের মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ১-৩ শতাংশ। এ নিয়ে টানা চার মাসের মতো মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার উপরে আছে।
গত বছরের তুলনায় এ বছর খাদ্যের দাম ৩-৫ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতির হার বৃদ্ধিতে প্রধান প্রভাবক ছিল জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি। মে ও জুনে বিদ্যুৎ ও রান্নার গ্যাসের দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে থাইল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এ বছর কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশটির অর্থনীতিতে গতি ফেরে। প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। আগের প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮ শতাংশ।










