মজুরি বৃদ্ধি ও উন্নত কর্মপরিবেশের কারণে পরিকল্পিত ধর্মঘটের ডাক দিয়েছিল রয়্যাল মেইলের কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন (সিডব্লিউইউ)। তবে কোম্পানির লিগ্যাল টিমের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি দুই সপ্তাহ পেছানো হচ্ছে। ১২ নভেম্বর থেকে ফের ধর্মঘট হতে পারে বলে জানায় শ্রমিক সংগঠনটি। খবর দ্য গার্ডিয়ান।

সিডব্লিউইউ সদস্যরা ২, ৩, ৪, ৮, ৯ ও ১০ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শ্রমিক সংগঠনটির সাধারণ সম্পাদক ডেভ ওয়ার্ড জানান, সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার হলেও এ সময়ে আমাদের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং সেটি ফলপ্রসূ হবে বলে আশা করছি। আর এর মাধ্যমে চলমান বিরোধের অবসান ঘটবে বলেও আশাবাদী আমরা।

সিডব্লিউইউর ভারপ্রাপ্ত উপসাধারণ সম্পাদক অ্যান্ডি ফুরে বলেন, আমরা বুঝতে পারছি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের দাবিগুলো আদায়ে চলমান বিরোধ নিষ্পত্তি করতে এ পদক্ষেপের প্রয়োজন ছিল। আমাদের শ্রমিক ইউনিয়নের অনেক সদস্য রয়্যাল মেইলের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুতর হয়রানির শিকারও হয়েছেন।