পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) শেষে লোকসান গুনেছে। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফায় ছিল কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে।
গতকাল অনুষ্ঠিত সভায় কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয় অনুমোদন করেছে কাশেম ইন্ডাস্ট্রিজের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৮৮ কোটি ৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২ কোটি ১৬ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৫৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ২ কোটি ৪৪ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৯০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।










