জাপানে মূল্যস্ফীতির চাপ ঊর্ধ্বমুখী। চলতি মাসে দেশটির রাজধানী টোকিওতে ভোক্তা পর্যায়ে কোর মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠ মাসে এটি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা ২ শতাংশের ওপরে রয়েছে। সহজ মুদ্রানীতি অব্যাহত থাকায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।
কিছু বিশ্লেষক বলছেন, খাদ্য ও জ্বালানি বিল মূল্যস্ফীতির চাপ বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এ অবস্থায় মূল্যস্ফীতি ক্ষণস্থায়ী হবে বলে দেয়া ব্যাংক অব জাপানের প্রাক্কলন নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।
তাজা খাবার বাদ দিয়ে হিসাব করা টোকিওর কোর মূল্যস্ফীতি নভেম্বরে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। যেখানে অর্থনীতিবিদরা ৩ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিলেন। অক্টোবরে কোর ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বাড়ার হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এর আগে সর্বশেষ ১৯৮২ সালের অক্টোবরে শহরটির কোর মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছিল।
চলতি মাসে কোর মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিদ্যুতের বিল ও খাদ্যের দাম। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় আমদানি খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে।
বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি দাইওয়া সিকিউরিটিজের প্রধান বাজার অর্থনীতিবিদ ম্যারি ইওয়াশতা বলেন, মূল্যবৃদ্ধির প্রবণতা বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার দুর্বল রয়ে যাওয়ায় আগামী বছরও মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ভোক্তা পর্যায়ে কোর মূল্যস্ফীতি আগামী বছরের বেশির ভাগ সময় ব্যাংক অব জাপানের ২ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে থাকবে। এজন্য ব্যাংকটির পক্ষে যুক্তি দেয়া কঠিন হবে যে মূল্যস্ফীতি সাময়িক।
এছাড়া তাজা খাবার ও জ্বালানির খাবার বাদ দিয়ে হিসাব করলে দেখা যায়, চলতি মাসে টোকিওর সিপিআই গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ হার অক্টোবরের ২ দশমিক ২ শতাংশের চেয়ে বেশি। জাপানের কেন্দ্রীয় ব্যাংক অতি-নিম্ন সুদহার বজায় রেখেছে। ব্যাংকটি আশা করছে, আগামী বছর জ্বালানির মূল্যের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতিও কমে আসবে। এজন্য বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো মুদ্রানীতি কঠোর করলেও এখনো সে পথে হাঁটেনি জাপান।
নভেম্বরে পরিষেবার মূল্য এক বছর আগের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। অক্টোবরে এ হার দশমিক ৮ শতাংশ বেড়েছিল। টেকসই পণ্যের দাম অক্টোবরে বছরওয়ারি ৭ শতাংশ বাড়লেও চলতি মাসে ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
গতকাল প্রকাশিত ব্যাংক অব জাপানের তথ্যানুসারে, করপোরেট পরিষেবা মূল্য সূচকের বৃদ্ধি কিছুটা ধীর হয়েছে। সেপ্টেম্বরে এ সূচক বছরওয়ারি ২ দশমিক ১ শতাংশ বাড়লেও অক্টোবরে ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।










