সামগ্রিক হিসাবে গত মাসে কিছুটা গতি হারিয়েছে বৈশ্বিক উৎপাদন খাত। ওই সময় উৎপাদন ও নতুন ক্রয়াদেশ দুটোই অক্টোবরের তুলনায় ধীরগতিতে বেড়েছে এবং কর্মসংস্থান ফের সংকুচিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান সংকলিত বৈশ্বিক শিল্পোৎপাদনের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরের ৫০ দশমিক ৯ থেকে নভেম্বরে সূচক নেমে আসে ৫০ দশমিক ৫-এ। নভেম্বর পর্যন্ত চার মাস ধারাবাহিক প্রবৃদ্ধির মধ্যে থাকলেও এটি শিল্পোৎপাদন খাতে সবচেয়ে দুর্বল মান। খবর ফ্যাশন টু ফাইবার।
জেপি মরগান সংকলিত সূচকে পাঁচটি উপাদানের মধ্যে তিনটি এখনো উৎপাদন খাতের অনুকূল পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। তবে কর্মসংস্থান ও কাঁচামাল ক্রয় সংকুচিত হয়েছে নভেম্বরে। ভোক্তা পণ্য ও মধ্যম পণ্যের চাহিদায় উৎপাদন ও নতুন ক্রয়াদেশ টানা চার মাস বেড়েছে। তবে বিনিয়োগ পণ্যের ক্রয়াদেশ আবার কমেছে।
বৈশ্বিক উৎপাদন বৃদ্ধিতে নভেম্বরে শীর্ষস্থান দখল করেছে থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, কলম্বিয়া, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। ইউরোজোন ও যুক্তরাজ্য কিছুটা প্রবৃদ্ধি দেখিয়েছে জাপানে সংকুচিত হয়েছে। আর চীনের উৎপাদন স্থিতিশীল অবস্থায় থেমে আছে। তবে রফতানি চাহিদা এখনো দুর্বল।
টানা আট মাস ধরে বিশ্বব্যাপী নতুন রফতানি ক্রয়াদেশ কমেছে। তবে নভেম্বরে এ হ্রাসের হার ছিল খুবই কম। যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোজোনের মতো উন্নত অর্থনীতিগুলোয় রফতানি ক্রয়াদেশ কমেছে। এর বিপরীতে চীনের মূল ভূখণ্ড ও ভারতসহ উদীয়মান অর্থনীতিগুলোয় বেড়েছে।
ব্যবসায়িক আস্থা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে উঠলেও ২০ মাসের দীর্ঘমেয়াদি গড় মানের নিচেই রয়ে গেছে। ব্রাজিল, কলম্বিয়া ও থাইল্যান্ডে সবচেয়ে বেশি ব্যবসায়িক আস্থা দেখা গেছে। এর পরে ছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। নতুন অর্ডার টু ইনভেন্টরি অনুপাত আট মাসের সর্বোচ্চে উঠেছে, যা সামান্য হলেও স্থিতিস্থাপকতার সংকেত দিচ্ছে।
তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চীন, ইউরোজোন ও যুক্তরাজ্যে কর্মসংস্থান কমেছে নভেম্বরে। তবে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতে বেড়েছে। উৎপাদন খাতে ব্যাকলগ টানা ৪১ মাস ধরে কমছে। মজুদ, ক্রয় কার্যক্রম এবং কাঁচামাল ও উপকরণের (ইনপুট) মজুদ সব সূচকই সংকোচন নির্দেশ করেছে।
কাঁচামাল ও উপকরণ ব্যয় এবং কারখানা থেকে বিক্রয়মূল্য আবার বেড়েছে। উন্নত অর্থনীতিগুলোয় মূল্যস্ফীতির চাপও ছিল তীব্র। সরবরাহ চেইনও চাপে ছিল নভেম্বরে। গড় পণ্য পরিবহনের সময় টানা ১৮ মাস বেড়েছে।
জেপি মরগানের গ্লোবাল ইকোনমিস্ট মাইয়া ক্রুক বলেন, ‘নভেম্বরে জেপি মরগান গ্লোবাল ম্যানুফ্যাকচারিং আউটপুট পিএমআই দশমিক ৩ পয়েন্ট কমে ৫১ দশমিক ২ হয়েছে, যা বৈশ্বিক শিল্প খাতে অল্প কিন্তু স্থিতিস্থাপক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। ফরোয়ার্ড-লুকিং সূচকে ভবিষ্যৎ আউটপুট পিএমআই অক্টোবরের পতনের পর ১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে আশ্বস্ত করেছে। তবে নতুন ক্রয়াদেশ সূচক চার মাসের সর্বনিম্নে নেমে এ ইতিবাচক পরিবেশ কিছুটা শিথিল করেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের উৎপাদন শক্তিশালী হারে বাড়ছে। কিন্তু চীন ও জি৪-এর বাকি অর্থনীতিগুলোর পারফরম্যান্স তুলনামূলকভাবে দুর্বল।’










