দুই বছরেরও বেশি সময় পর গত এপ্রিলে চীনের কলকারখানার কার্যক্রমে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, লকডাউন ও বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের ধারাবাহিকতাই এ নিম্নমুখী প্রবণতার কারণ।

দি অফিশিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স সূচক গত মার্চে ছিল ৪৯ দশমিক ৫। এপ্রিলে তা কমে ৪৭ দশমিক ৪ পয়েন্টে নেমে আসে। চলতি সপ্তাহে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এ তথ্য প্রকাশ করেছে। এর আগে ব্লুমবার্গের এক জরিপেও সূচক কমে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, পারচেজিং ম্যানেজারস ইনডেক্স কমে ৪৭ দশমিক ৩ পয়েন্টে নামতে পারে।

এ মানদণ্ডে মূলত নির্মাণ ও পরিষেবা খাতের পরিস্থিতি পরিমাপ করা হয়। সেখানে দেখা গিয়েছে, মার্চের ৪৮ দশমিক ৪ পয়েন্ট থেকে এপ্রিলে কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯ পয়েন্ট, যা ২০২০ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এমনকি ৪৬ পয়েন্ট ধরে যে পূর্বাভাস দেয়া হয়েছিল, তারও অনেক কম। সাধারণত এ পয়েন্ট ৫০-এর উপরে গেলে সেটি সম্প্রসারণ নির্দেশ করে, আর এর নিচে হলে তা দিয়ে সংকোচন বোঝায়।

উৎপাদন কার্যক্রমের এ পতনের কারণ হিসেবে উৎপাদন ও চাহিদা দুটিরই একযোগে কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। আলাদা বিবৃতিতে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া, বিশেষ করে দেশের বেশকিছু অঞ্চলে হঠাৎ করে সংক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অনেক উৎপাদক কাজ কমিয়ে দিয়েছে। আবার অনেকেই কাজ বন্ধ করতেও বাধ্য হয়েছে।

আবার সংক্রমণের সরাসরি আঘাত গিয়ে পড়েছে পরিষেবা খাতগুলোয়। এনবিএসের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ঝাও কিংঘে বলেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে পরিষেবা খাতের দ্রুত অবনতি হয়েছে। এ খাতের ২১ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে ১৯টিতেই পতন হয়েছে বলে সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে আকাশপথে যোগাযোগ, আবাসন ও ক্যাটারিংয়ের মতো খাত। যেগুলোয় বেশ বড় ধরনের অবনমন দেখা গিয়েছে।

চীনের বেশকিছু শহরে ভাইরাসটির সংক্রমণ বেড়েই চলেছে। ফলে অনেক শহরের অর্থনীতির চাকা থমকে গেছে। এমন পরিস্থিতিতে উন্নয়ন ত্বরান্বিত করতে বেইজিংয়ের ওপর চাপ বাড়ছে। অনেক উৎপাদকই এখন বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে তথাকথিত ক্লোজড লুপ ব্যবস্থার প্রবর্তন। যেখানে সংক্রমণ এড়াতে কর্মীরা কারখানার ভেতরেই অবস্থান করেন এবং নিয়মিত কভিড পরীক্ষার আওতায় থাকেন। যেহেতু বাইরের জগতের সঙ্গে ভেতরের কোনো যোগাযোগ হয় না, তাই সংক্রমণের ভয়ও থাকে না। তবে সব শহরের জন্য এ ব্যবস্থা প্রবর্তন করাও সম্ভব হয় না। বিশেষ করে যেগুলো অনেক বেশি ঘনবসতিপূর্ণ সেগুলোর জন্য।

অন্যদিকে বৈশ্বিক সরবরাহ চেইন সংকটের কারণে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সংকটও রয়েছে। আবার সংক্রমণের কারণে বিধিনিষেধ রয়েছে চলাচল ও সীমান্ত পারাপারে। পাশাপাশি লকডাউনের কারণে মানুষ বাইরে বের হতে না পারায় কমেছে ভোক্তা ব্যয়। সেটা ইচ্ছাকৃত হোক আর পরিস্থিতির কারণেই হোক, ভোক্তা ব্যয় কমায় কমেছে চাহিদা। যা সরাসরি উৎপাদনের ওপর প্রভাব ফেলছে।

এ অবস্থায় দেশের অর্থনীতিকে সহায়তা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নীতিনির্ধারকরা। শুক্রবার উচ্চপর্যায়ের এক পলিটব্যুরো বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিশ্রুতি দেন যে উন্নয়ন ত্বরান্বিত করে এমন নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি আগের মতো জিরো কভিড নীতি ফিরিয়ে আনা হবে না বলেও সে সময় সিদ্ধান্ত হয়। কারণ বেশির ভাগ অর্থনীতিবিদই মনে করেন যে, এ নীতি উন্নয়নের জন্য বড় বাধা।