দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস জনবল, নীতিনির্ধারক ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘লিডারশিপ সামিট ২০২৬’। গতকাল রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের আরঅ্যান্ডডি সেন্টারে অনুষ্ঠিত এ সামিটে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির রূপরেখা ও করপোরেট নেতৃত্ব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল, বিশেষ অতিথি ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, মামুনুর রশিদ এবং নাবিল গ্রুপের অধীনস্থ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে জাহান বখস্ মন্ডল বলেন, ‘নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি এর মাঠপর্যায়ের সেলস টিম। আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে আপনাদের পরিশ্রম, সততা ও নিবেদন। বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, আমাদের ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সেলস টিমের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক মার্কেটিং পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ভবিষ্যতের বাজার হবে ডেটা-ড্রিভেন ও ব্র্যান্ড-ভ্যালুনির্ভর, যেখানে নাবিল গ্রুপকে আরো শক্ত অবস্থানে নিতে হবে।’
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম তার বক্তব্যে গ্রুপের নতুন ব্যবসায়িক লক্ষ্য, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালীকরণ, নতুন অঞ্চলভিত্তিক বাজার সম্প্রসারণ এবং সেলস টিমের জন্য ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন। —বিজ্ঞপ্তি










