ভারতে বেসরকারি খাতের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্টিল লিমিটেড। চলতি বছরের আগস্টে প্রতিষ্ঠানটির কারখানাগুলোয় শিল্প ধাতুটির উৎপাদনে ৬ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ সময় জেএসডব্লিউ স্টিল ১৩ লাখ টনের বেশি অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে জেএসডব্লিউ স্টিলের কারখানাগুলোয় সব মিলিয়ে ১৩ লাখ ১৭ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় ৬ শতাংশ বেশি। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির কারখানাগুলোয় সব মিলিয়ে ১২ লাখ ৪৬ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছিল। অর্থাৎ আগের মাসের তুলনায় গত আগস্টে জেএসডব্লিউর ইস্পাত উৎপাদন বেড়েছে ৭১ হাজার টন।

শুধু আগের মাসের তুলনায় নয়, বরং ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত আগস্টে জেএসডব্লিউ স্টিলের কারখানাগুলোয় শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে। গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটি মোট ১২ লাখ ৫৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছিল।