আবারো জাতীয় পর্যায়ে শীর্ষ ভ্যাটদাতা প্রতিষ্ঠানের তালিকায় এসেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। সেবা খাতে ২০২২-২৩ অর্থবছরে দেশের অন্যতম সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে নগদের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতি বছরের মতো এবারো ১০ ডিসেম্বর ভ্যাট দিবস পালন করা হবে। আর এদিন এক অনুষ্ঠানে নগদসহ অন্য সেরা ভ্যাটদাতাদের হাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুরস্কার হস্তান্তর করবেন।
বিদায়ী অর্থবছরে এনবিআর উৎপাদন, ব্যবসা এবং সেবা খাতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করবে।
একের পর এক নতুন উদ্ভাবন এবং সেবা বিতরণের ক্ষেত্রে অভিনবত্ব নিয়ে শুরু করায় দ্রুতই নগদের সেবা গ্রাহকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে নগদের মাধ্যমে লেনদেন যেমন বেড়েছে, একইভাবে সরকারের হয়ে ভ্যাট সংগ্রহেও নগদ সেরার অবস্থানে চলে এসেছে।
নগদ বর্তমানে সাড়ে আট কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। সুবিধাবঞ্চিত কোটি মানুষের কাছে সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাথমিকের উপবৃত্তি এবং করোনার সময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে।
শুরুতেই গ্রাহক নিবন্ধনে দেশে প্রথম ইলেকট্রনিক কেওয়াইসির উদ্ভাবন করে আর্থিক খাতে ডিজিটালাইজেশন নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এরপর নগদ উদ্ভাবন করে মোবাইল অপারেটরদের কাছে থাকা গ্রাহক তথ্যের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। এ পদ্ধতিতে মোবাইল ফোনে মাত্র পাঁচটি বাটন ডায়াল করেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু হয়।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘নগদের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া সহজতর হওয়ায় দেশে আর্থিক অন্তর্ভুক্তি যেমন বেড়েছে, তেমনি ক্যাশলেস লেনদেনের বিবেচনায় অনেক অগ্রগতি হয়েছে। যত বেশি গ্রাহক ডিজিটাল সেবা ব্যবহার করবেন, তাদের জীবন ততটাই সহজ হবে। আর সেটি হলে ডিজিটাল বাংলাদেশের সুফল যেমন ঘরে ঘরে পৌঁছে যাবে, সরকারের রাজস্ব আয়েও ইতিবাচক ধারা চলে আসবে।’ —বিজ্ঞপ্তি









