বাজারে দুই সিরিজের নতুন ছয়টি ট্রাক নিয়ে এসেছে রানার মটরস লিমিটেড। নতুন এ ট্রাকগুলো আইশার প্রো ২০০০ ও ৬০০০ সিরিজের। এসব ট্রাকের মধ্যে রয়েছে আইশার প্রো ২০৪৯, আইশার প্রো ২০৫৫ সিটি, আইশার প্রো ৬০৩১ এইচ, আইশার প্রো ৬০৩১ টি, আইশার প্রো ৬০৪৯ এবং আইশার প্রো ৬০২৫ টিএম। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্রাকের উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

আইশারের নেক্সট জেনারেশন ট্রাকগুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এরই মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দর সম্প্রসারণ, সমুদ্রবন্দর নির্মাণসহ নানা প্রকল্পে অবদান রেখেছে এগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাফিজুর রহমান খান বলেন, ‘আইশারের নতুন সিরিজের ট্রাকগুলো বাংলাদেশের পরিবহন খাতে নবযুগের সূচনা করবে, যা পণ্য পরিবহনে উন্নতিসহ দেশের অর্থনিতিতে বড় অবদান রাখবে বলে আমরা আশা করছি।’

ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ও আসিয়ান অঞ্চলের প্রধান শান্তনু শ্রীবাস্তব বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহনের প্রতি জোর দেয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সমৃদ্ধিতে অবদান রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

এ সময় রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজ্জামেল হোসাইন, রানার মোটরস লিমিটেডের সিনিয়র জিএম মো. ফিরোজ কবিরসহ আইশার ও রানার মোটরস লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।