ব্রাজিলে চলতি বছর চিনি উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। আখ উৎপাদনও লক্ষণীয় মাত্রায় বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুকূল আবহাওয়া উৎপাদন বাড়ার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে। লাতিন আমেরিকার খাদ্য সরবরাহ সংস্থা কোনাব এ পূর্বাভাস দিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছর দেশটিতে ৪ কোটি ৯ লাখ টন চিনি উৎপাদন হতে পারে। গত বছরের তুলনায় উৎপাদন ১১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। আখভিত্তিক ইথানল উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২০ হাজার লিটার, যা এর আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।
এদিকে ব্রাজিলে ২০২৩-২৪ মৌসুমে আখ উৎপাদন ৬ দশমিক ৯ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৬৫ কোটি ২৯ লাখ টনে।
চিনি উৎপাদনে ব্রাজিলের পরই ভারতের অবস্থান। দেশটি আগামী মৌসুম থেকে পণ্যটি রফতানি বন্ধ করতে পারে। ফলে বিশ্ববাজারে ভোগ্যপণ্যটির দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এর সুযোগ নিতে পারে ব্রাজিল। এ সময় দেশটির রফতানি ও রফতানি আয় উভয়ই বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।










