যুক্তরাজ্যের টেনেসি অঙ্গরাজ্যের লিংকন কাউন্টির বাসিন্দা ক্রিস্টি লং। দীর্ঘদিন ধরেই ফাঙ্গাস বা ছত্রাকের অত্যাচারে অতিষ্ঠ তিনি। বিশ্রি দাগ পড়ে গেছে সড়ক নির্দেশক চিহ্ন, বাচ্চাদের দোলনাসহ নানান কিছুতে। বাদ পড়েনি গাছপালাও।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্লান্ত ক্রিস্টিও চুপ করে থাকেননি। সোজা গিয়ে ঠুকে দিয়েছেন মামলা। কাছাকাছি জ্যাক ড্যানিয়েলস হুইস্কি কারখানা নিয়েই তার অভিযোগ।

ক্রিস্টির আইনজীবী মনে করছেন, ক্ষতিটা তার একার না। আশপাশে বসবাস করা সবার সম্পত্তিতেই ক্ষতিকর প্রভাব ফেলছে কারখানায় সৃষ্ট ফাঙ্গাস।

তিনি দাবি করেছেন, হুইস্কি কারখানাটিকে অনুমোদন দেয়ার সময় যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি। ফাঙ্গাসের উৎপাতের জন্য তাকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে এ অভিযোগকে সমর্থন করেছেন অন্য বাসিন্দারাও।

হুইস্কি উৎপাদনের সময় বাষ্পীভূত অংশটুকুকে ‘‌অ্যাঞ্জেলস শেয়ার’ বলে অভিহিত করা হয়। যদিও অংশটুকু পরে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। সেখান থেকেই জন্ম নেয়া ফাঙ্গাস।

সেদিক বিবেচনা করে কাউন্টির চ্যান্সেলর জেবি কক্স প্রাথমিকভাবে জ্যাক ড্যানিয়েলসের নতুন নির্মাণাধীন প্রকল্প স্থগিত করার আদেশ দিয়েছেন।

তবে প্রস্তুতকারক কোম্পানি ব্রাউন-ফরম্যানের মুখপাত্র এলিজাবেথ কনওয়ে বলেন, ‘‌দ্য জ্যাক ড্যানিয়েলস কারখানাটি শিল্পমান ও নীতিমালাকে যথাযথভাবে অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।’

এতটুকুতেই থামতে চায় প্রতিষ্ঠানটি। আপাতত এ ব্যাপারে আর কোনো মন্তব্য জানাতে নারাজ তারা।

১৮৬৬ সালে যুক্তরাষ্ট্রের টেনেসিতে প্রতিষ্ঠিত হয় জ্যাক ড্যানিয়েলস হুইস্কি। কয়েক বছর পর থেকেই ওই অঞ্চলে বিস্তার লাভ করতে থাকে ফাঙ্গাস। ১৯৫৬ সালের পর থেকে কারখানাটি ব্রাউন-ফরম্যান করপোরেশনের মালিকানায় আসে।