পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো ই-জেনারেশন পিএলসি ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
ই-জেনারেশন: কোম্পানিটির প্লেসমেন্টধারী প্রতিষ্ঠান ই-জেনারেশন সলিউশনস লিমিটেড ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ই-জেনারেশনের পরিচালক শামীম আহসান একই সঙ্গে ই-জেনারেশন সলিউশনসেরও পরিচালক।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ই-জেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫২ পয়সায়।
লাভেলো আইসক্রিম: কোম্পানিটির প্লেসমেন্টধারী প্রতিষ্ঠান তাওফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। লাভেলো আইসক্রিমের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক একই সঙ্গে তাওফিকা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লাভেলো আইসক্রিমের ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৫২ পয়সায়।










