দেশটির অতিধনী পরিবারগুলোয় রেস্তোরাঁর ভিড় ও জনসাধারণের নজর এড়াতে ঘরেই বিশ্বমানের খাবার উপভোগের প্রবণতা বাড়ছে। এজন্য মিশেলিন স্টার (সেরা মানের স্বীকৃতিপ্রাপ্ত) পাওয়া শেফ নিয়োগ দিচ্ছেন তারা। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও লন্ডনের মতো শহরে নামি ও সেলিব্রেটি শেফদের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া বিশেষ ধরনের খাবার (যেমন সিলিয়াক বা গ্লুটেন-মুক্ত খাবার) তৈরিতে পারদর্শী পেশাদাররা চেয়ে নেন নিজেদের ইচ্ছামতো পারিশ্রমিক।

যুক্তরাষ্ট্রে বর্তমানে নিয়োগকর্তাদের কাছ থেকে সবচেয়ে বেশি চাহিদা আসছে ব্যক্তিগত সহকারীদের। একজন দক্ষ নির্বাহী বা ব্যক্তিগত সহকারী বছরে আড়াই লাখ ডলার পর্যন্ত আয় করছেন।

অন্যদিকে ঐতিহ্যবাহী বাটলার বা গৃহ ব্যবস্থাপকের কাজের ধরন এখন বদলে গেছে। আগে তাদের কাজ শুধু খাবার পরিবেশন বা রুপার ট্রে বহনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তারা বাড়ির কর্মী ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ও যাতায়াতের মতো জটিল বিষয়গুলো পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রে একজন বাটলারের বার্ষিক বেতন এখন ১ লাখ ৮০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

এদিকে ধনী পরিবারগুলোয় ভ্রমণসঙ্গী হতে পারেন এমন ন্যানি বা আয়াদের খোঁজও চলছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন ভাষায় দক্ষ ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের যত্নে অভিজ্ঞ ন্যানিরা বছরে ১ লাখ ৬৩ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।

ধনী পরিবারগুলো এখন কর্মীদের নিয়োগের ক্ষেত্রে তিনটি বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এক. গোপনীয়তা রক্ষা, দুই. বিচক্ষণতা এবং তিন. প্রযুক্তিগত দক্ষতা। লস অ্যাঞ্জেলেসে নিয়োগ পাওয়া ব্যক্তিগত সহকারীদের মধ্যে ৭৭ শতাংশকেই আইনি গোপনীয়তা চুক্তি বা এনডিএ স্বাক্ষর করতে হয়।

মরগান অ্যান্ড ম্যালেন্টের সহপ্রতিষ্ঠাতা লরিন ম্যালেন্ট জানান, মানসম্পন্ন ও অভিজ্ঞ কর্মী পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। ক্লায়েন্টরা এখন আনুষ্ঠানিকতার চেয়ে দক্ষ ও দ্রুত সেবা চান। তাই বিশ্বজুড়ে সেরা প্রার্থীদের বেতন এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।—খবর সিএনবিসি