দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ডিজিটাল ফিনটেক প্লাটফর্ম সেবাডটএক্সওয়াইজেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায়, সেবা পে প্লাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ন্যানো ঋণ সুবিধা চালু করা হবে। এ উদ্যোগে ট্রাস্ট ব্যাংক ঋণদাতা হিসেবে এবং শেবা ফিনটেক প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে কাজ করবে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং শেবা ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলমুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ন্যানো ঋণ সুবিধার আওতায় মূলত ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জামানতবিহীন ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। সহজ আবেদন প্রক্রিয়া, ই-কেওয়াইসি, দ্রুত অনুমোদন ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ বিতরণ ও পরিশোধের সুবিধা এ উদ্যোগকে আরো কার্যকর করবে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, নগদপ্রবাহ ব্যবস্থাপনা উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।