গত বছরই প্রাকৃতিক গ্যাসের উত্তোলন ও রফতানি বাড়িয়েছে আজারবাইজান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, আজারবাইজানে প্রাকৃতিক গ্যাসের যথেষ্ট মজুদ বিদ্যমান, যা অন্যান্য দেশ ও অংশীদারদের আরো ১০০ বছরের মতো সরবরাহ করার জন্য যথেষ্ট। খবর আনাদোলু এজেন্সি।

রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় নবম সাউদার্ন গ্যাস করিডোর উপদেষ্টা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠক ও প্রথম সবুজ শক্তি উপদেষ্টা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখানে বক্তৃতা করার সময় ইলহাম আলিয়েভ রফতানি বৃদ্ধির কাজটিকে তাদের পক্ষে করা সম্ভব বলে অভিহিত করেন। কেননা আজারবাইজানের প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয় সংস্থান রয়েছে।

তিনি বলেন, ‘আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাসের রফতানি বাড়ছে। ২০২১ সালে যার পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৯০০ কোটি ঘনমিটার। গত বছর ২ হাজার ২৬০ কোটি ঘনমিটার। চলতি বছর আমরা ২ হাজার ৪৫০ কোটি ঘনমিটার গ্যাস রফতানির আশা করছি। এর মানে হলো ইউরোপীয় কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক (২০২৭ সালের মধ্যে গ্যাস রফতানি দ্বিগুণ করার জন্য) সফলভাবে বাস্তবায়ন হচ্ছে।’

জ্বালানি নিরাপত্তা প্রতিটি দেশের জন্য জাতীয় নিরাপত্তার বিষয়। আজারবাইজান এরই মধ্যে এসজিসি (সাউদার্ন গ্যাস করিডোর), নতুন সরবরাহ রুট এবং নতুন সংস্থান সম্প্রসারণের বিষয়ে কথা বলেছে বলেও তিনি জানান। তথ্য অনুসারে আজারবাইজান শিগগিরই রোমানিয়ায় গ্যাস সরবরাহ শুরু করবে। বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডনমেজও।

রাশিয়ার জ্বালানি খাতের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টায় ইউরোপিয়ান কমিশন আজারবাইজানকে সমর্থন দিচ্ছে।