ইরানের ইস্পাত উৎপাদন খাতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (২১ মার্চ-২০ জুলাই) দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। খবর মেটাল বুলেটিন ও তেহরান টাইমস।
২১ মার্চ থেকে ইরানে নতুন অর্থবছর শুরু হয়। সেই হিসাবে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে সব মিলিয়ে ৯৪ লাখ ৮৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এক বছরের ব্যবদানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ৯ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে ইরানের কারখানাগুলোয় সব মিলিয়ে ৮৬ লাখ ৮৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে আট লাখ টন।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ইরানের কারখানাগুলোয় সব মিলিয়ে ২ কোটি ৪০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল। গত বছর দেশটিতে শিল্প ধাতুটির সম্মিলিত উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে ইস্পাত উৎপাদন বেড়েছে প্রায় ৮০ লাখ টন।
গত বছর ইরানের ইস্পাত উৎপাদন খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে বলে জানিয়েছে ডব্লিউএসএ। যেখানে ২০১৯ সালে ইস্পাত উৎপাদনের বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল সাকল্যে ৩ দশমিক ৫ শতাংশ। তেহরানের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরও গত বছর ইরানের ইস্পাত উৎপাদন খাতে এ প্রবৃদ্ধি সবার নজর কেড়েছে।










