বিশ্বের অন্যান্য দেশের মতো মিসরের মূল্যস্ফীতিও ঊর্ধ্বমুখী রয়েছে। আগস্টে দেশটির মূল্যস্ফীতি চার বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে খাদ্য ও পানীয়ের দাম সবচেয়ে বেশি বেড়েছে উত্তর আফ্রিকার দেশটিতে। খবর আরব নিউজ।
সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিসটিকস অনুসারে, গত মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। এ হার গত জুলাইয়ে রেকর্ড করা ১৪ দশমিক ৬ শতাংশ থেকেও বেশি। আগস্টে দেশটির শহুরে ভোক্তা মূল্যস্ফীতি ১৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। জুলাইয়ে এ হার ১৩ দশমিক ৬ শতাংশে ছিল।
নাইম ক্যাপিটালের একজন আর্থিক বিশ্লেষক ইউসুফ এল-বান্না বলেন, সবজি, শস্য ও জ্বালানি তেল মূল্যস্ফীতি বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। মূল্যস্ফীতির এ হার ২০১৮ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। সে সময় এটি ১৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছিল।
গত জুলাইয়ে মিসরের সরকার ১৩ বছর পর ডিজেলের দাম বাড়িয়েছে। এ পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে পেট্রলেরও দামও ছয় গুণ বেড়েছে।









