অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) উদ্যোগে তরুণ বিজ্ঞাপন পেশাজীবীদের জন্য দেশের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘শার্পেনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের অফিসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ বছর দেশের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা থেকে ১১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে তারা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও কৌশলগত দক্ষতা উপস্থাপন করেন। উপস্থাপনার একটি প্রতিযোগিতামূলক পর্ব শেষে শক্তিশালী সৃজনশীল ও কৌশলগত চিন্তার ভিত্তিতে গ্রে ঢাকার টিম ইরেজার বিজয়ী নির্বাচিত হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন সাইয়েদা জান্নাত আহমেদ ও মো. সাজিদুল করিম দীপু।

শার্পেনার ২০২৬-এর বিজয়ীরা টিম ঢাকা হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘এডফেস্ট ২০২৬ ইয়াং লোটাস’ শীর্ষক কর্মশালায়, যা ৭-১৯ মার্চ থাইল্যান্ডের পাতায়ায় রয়্যাল ক্লিফ হোটেলস গ্রুপে অনুষ্ঠিত হবে। এ কর্মশালার অংশ হিসেবে তারা ‘এডফেস্ট ২০২৬’-এও অংশগ্রহণ করবেন, যা অনুষ্ঠিত হবে ১৯-২১ মার্চ। এতে এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আগত শীর্ষস্থানীয় তরুণ সৃজনশীল পেশাজীবীরা একত্রিত হবেন।

শার্পেনার ২০২৬-এর বিচারক প্যানেলে ছিলেন পপফাইভের চিফ ক্রিয়েটিভ অফিসার মোহাম্মদ আকরুম হোসেন, অ্যাডকমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্ল্যানিং রাশিকা ওসমান এবং গ্রে ঢাকার এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর নুরুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিব হাসান চৌধুরী।

অনুষ্ঠানে এএএবির নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি সৈয়দ আহসানুল আপন এবং জয়েন্ট সেক্রেটারি এমএ মারুফ।