দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সব সূচক কমেছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সব খাত থেকেই নেতিবাচক রিটার্ন এসেছে। যার প্রভাবে গড় লেনদেনও কমেছে। এ সময়ে এক্সচেঞ্জটির সবচেয়ে বেশি লেনদেন ছিল বস্ত্র খাতের দখলে।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাত থেকে, ৭ দশমিক ৬ শতাংশ। ৭ দশমিক ৩ শতাংশ নেতিবাচাক রিটার্ন নিয়ে পরের অবস্থানে রয়েছে ভ্রমণ খাত। তৃতীয় অবস্থানে থাকা সাধারণ বীমা খাতে নেতিবাচক রিটার্ন এসেছে ৬ দশমিক ৫ শতাংশ। ৬ দশমিক ৪ ও ৫ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সেবা ও বিবিধ খাত। বাকি খাতগুলো থেকেও গত সপ্তাহে নেতিবাচক রিটার্ন এসেছে।

এদিকে গত সপ্তাহে ২ দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এলেও ডিএসইর মোট লেনদেনের সবচেয়ে বেশি ১৫ দশমিক ৪ শতাংশ ছিল বস্ত্র খাতের দখলে। দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতের দখলে ছিল মোট লেনদেনর ১১ দশমিক ১ শতাংশ। ১১ শতাংশ নিয়ে লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। মোট লেনদেনে খাতটির অবদান ছিল ৯ দশমিক ৯ শতাংশ। ৮ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৭৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৯৬২ কোটি টাকার। সে হিসাবে সাপ্তাহিক লেনদেন ৮০৮ কোটি টাকা বা ৪১ দশমিক ১৮ শতাংশ বাড়লেও আলোচ্য সময়ে এক্সচেঞ্জটির গড় লেনদেন ১৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে দৈনিক গড়ে ৫৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬৫৪ কোটি টাকা।

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ১১৯ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে মূলধন ছিল ৫ লাখ ১৫ হাজার ৯৬০ কোটি টাকা।