ব্যবসায় অনবদ্য অবদানের জন্য এবার ২১তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেড। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে তিন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরো উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং ডিএইচএলের বাংলাদেশ শাখার ব্যবস্থাপক মো. মিয়ারুল হক ও দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
চলতি বছর চারটি বিভাগে পুরস্কার দেয়া হয়। বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয় স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেনকে, বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক, আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস পুরস্কারে ভূষিত হয়েছেন ‘সুতার কাব্যের’ প্রতিষ্ঠাতা মোসাম্মৎ সিরাজুম মুনিরা এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘৫০ বছরের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা ১০ মিনিটে বর্ণনা করা খুব কঠিন। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব শুরু করি। কিন্তু নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য ১৯৭২ সালে চাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করি। প্রথমে হাজারীবাগ থেকে চামড়া প্রক্রিয়াকরণ করে ফ্রান্সে রফতানি করি। এরপর নব্বইয়ের দশকে প্রথম জুতার ফ্যাক্টরি স্থাপন করেছি।’ তরুণ ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথমত নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। দ্বিতীয়ত, কাজের ফোকাস ঠিক রাখতে হবে। তৃতীয়ত, পণ্যের মান ধরে রাখতে হবে।’ আর সর্বশেষ ব্যাংককে বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি বলেন, ‘আজকে যাদের পুরস্কৃত করা হলো তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তারা আসলেই পুরস্কারটা প্রাপ্য ছিল।’ মোশারফ হোসেনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তিনি অনেক পরিশ্রম করে আজকের এখানে এসেছেন। মাঝখানে বেশকিছু ঝামেলায় পতিত হয়েছিলেন। কিন্তু ভেঙে পড়েননি, ঘুরে দাঁড়িয়েছেন।’ সৈয়দ মঞ্জুর এলাহীকে তিনি ব্যবসায়িক আদর্শ হিসেবে অভিহিত করেন। এ সময় বর্তমান সময়টা খারাপ যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাত্রি যত গভীর হয়, সকাল তত নিকটে আসে।’
সভাপতির বক্তব্যে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নিয়ে গেলেও তারা যথার্থ সম্মান পান না। তাই আমরা এ বিজনেস অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন শুরু করেছিলাম। যারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্জনকে সামনে রেখে ব্যবসা পরিচালনা করেছেন, আমরা তাদের সম্মানিত করার চেষ্টা করেছি।’ দেশে দুই ধরনের ঋণখেলাপি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কেউ ব্যবসায়িক কারণে ঋণখেলাপি হয়। আমরা তাদের পাশে আছি। কিন্তু অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হয়ে থাকে। আমরা চাই প্রকৃত ব্যবসায়ীদের হাতেই ব্যবসাটা থাকুক। তাই তাদেরকে আমরা পুরস্কৃত করছি।’
উল্লেখ্য, ২০০০ সাল থেকে ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেড ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করে আসছে।










