২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোম্পানি ফ্লেক্সপোর্ট। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) যোগদানের মাত্র এক মাসের মাথায় এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের সানফ্রানসিস্কো-ভিত্তিক কোম্পানিটি। ব্যয় সংকোচন করা এবং আয় বৃদ্ধির লক্ষ্যে ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্লেক্সপোর্ট। খবর সিএনএন।
সম্প্রতি ফ্লেক্সপোর্টের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান ডেভ ক্লার্ক। এক বছর আগে তিনি এ পদে যোগ দিয়েছিলেন। এর আগে অ্যামাজনের নির্বাহী পদে ছিলেন তিনি। ক্লার্কের পদত্যাগের পর ফ্লেক্সপোর্টের সিইও পদে পুনরায় বহাল হন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায়ান পিটারসন। ২০১৩ সালে ডেভিড পিটারসনের সঙ্গে যৌথভাবে ফ্লেক্সপোর্ট প্রতিষ্ঠা করেন রায়ান।
একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, রায়ান পিটারসন প্রধান নির্বাহী কর্মকর্তা পদে ফেরার পর পরই অন্তত ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। তারা সবাই ক্লার্কের সময় নিয়োগ পেয়েছিলেন। চলতি বছর ফ্লেক্সপোর্টের পক্ষ থেকে এটি দ্বিতীয় ছাঁটাইয়ের ঘোষণা। এর আগে গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ২০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল কোম্পানিটি। সংখ্যার হিসাবে যা ছিল প্রায় ৬০০ জন।
নতুন সিইও রায়ান পিটারসন বলেন, ‘মূল্য না বাড়িয়ে আয় বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, কর্মী কমিয়ে ফেলার কারণে গ্রাহকসেবায় কোনো প্রভাব পড়বে না।’










