দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং জনদুর্ভোগ লাঘবে হরতাল, অবরোধসহ যেকোনো সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ আহ্বান জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী সাপ্লাই চেইন (সরবরাহ ব্যবস্থা) ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডলার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসা পরিচালনার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমদানি কমে যাওয়ায় এরই মধ্যে উৎপাদন হ্রাস এবং বৈদেশিক রফতানি বাধাগ্রস্ত হয়েছে। সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে এর বিরূপ প্রভাব পড়েছে। এরই মধ্যে নতুন করে যোগ হয়েছে গাজা-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, যা দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরো নাজুক করে তুলছে।
এ পরিস্থিতির মধ্যেই দেশে হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিরতা জাতীয় অর্থনীতিকে আরো শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি সাপ্লাই চেইনকে বিঘ্নিত করছে। এর প্রভাব এরই মধ্যে পণ্যের বাজার মূল্য এবং রফতানির ওপরও পড়ছে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারলে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতে পড়বেন উদ্যোক্তারা। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব পণ্যসামগ্রীর ঊর্ধ্বমূল্যের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হরতাল, অবরোধ কর্মসূচির কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে। এর ফলে বিদেশীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারাবে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় কলকারখানা বন্ধ হয়ে যাবে এবং কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে, যা কখনই কাম্য নয়। শুধু তা-ই নয়, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে ঋণখেলাপির পরিমাণ বেড়ে যাবে। নতুন কর্মসংস্থানের পথ রুদ্ধ হবে।










