চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ছিল ১ শতাংশ, যা ২০২২ সালের ফেব্রুয়ারি পরবর্তী সর্বনিম্ন। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
জানুয়ারিতে ২ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে রয়টার্সের জরিপে ফেব্রুয়ারিতে ১ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছিল।
মূল্যস্ফীতি স্থিতিশীল রূপ নেয়ায় চলতি বছরে মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন আশা করছেন না অর্থনীতিবিদরা।
এনবিএস বলছে, ফেব্রুয়ারিতে সিপিআই হ্রাসের পেছনে প্রধান কারণ ছিল চীনা চন্দ্র নববর্ষের ছুটি। এতে ভোক্তা চাহিদা কম ছিল।
গত বছর দশকের সবচেয়ে দুর্বল অর্থনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে গেছে চীনের অর্থনীতি। অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধির পুরনো রীতিতে এগিয়ে প্রবৃদ্ধি চাঙ্গার চেষ্টা করছে এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি।










