চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের সুবিধা সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকের সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হবে। কমিউনিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি প্রসঙ্গে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে কমিউনিটি ব্যাংকের সেবা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এ অংশীদারত্ব গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।’
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারত্ব আরো বিস্তৃত করা হচ্ছে।’









