চীনের দুটি প্রধান বিমানবন্দরে আগামী বসন্ত উৎসবে ফ্লাইট আরো বাড়বে। এ সময় দেশটিতে উড়োজাহাজ ভ্রমণের ভিড় গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পাবে। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উত্তর চীন আঞ্চলিক প্রশাসনের তথ্যমতে, উৎসব মৌসুমের ৪০ দিনে প্রায় ৬২ হাজার ফ্লাইট পরিচালিত হবে। বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এসব উড়োজাহাজ অবতরণ করবে বা ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। খবর সিজিটিএন।

উভয় বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, ১৪ জানুয়ারি থেকে ভ্রমণের শীর্ষ সময় শুরু হবে। ওই সময়ে তারা প্রতিদিন ১ হাজার ৭০০টি অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। শুধু বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ১ লাখ ২১ হাজার যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে এ সময় বিমানবন্দরটি থেকে ৪৮ লাখের বেশি যাত্রী চলাচল করবে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী বেইজিংয়ে অবতরণ করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে এখন কভিড-১৯ বিধিমালা অনুসরণ করতে হবে না। জিরো কভিড বিধি পরিবর্তনের পর থেকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর গত রোববার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট গ্রহণ শুরু করেছে।