চীনা কোম্পানি রেড ফরেস্ট লিমিটেড উত্তরা ইপিজেডে ২২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগে একটি উইগ এবং কার্নিভাল কস্টিউম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে।
বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং রেড ফরেস্ট লিমিটেডের পরিচালক লি চাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেড ফরেস্ট লিমিটেড বার্ষিক ৪০ লাখ ৯০ হাজার পিস উইগ (পরচুলা) এবং কার্নিভাল কস্টিউম উৎপাদন করবে, যেখানে ৩৭৯ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নীলফামারীতে ২০০১ সালে উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার পর এক সময়ের দারিদ্র্যপীড়িত এ এলাকাটি একটি শিল্পোন্নত এলাকায় পরিণত হয়। বর্তমানে এ ইপিজেডে ২৫টি শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৩৫ হাজার বাংলাদেশী নাগরিক কর্মরত রয়েছেন। উত্তরা ইপিজেডে এখন পর্যন্ত সাড়ে ২৩ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। এখান থেকে প্রায় ২৩৪ কোটি ডলার সমমূল্যের পণ্যসামগ্রী রফতানি করা হয়েছে।










