জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণায়ন কমাতে পরিবহন খাতে শূন্য নিঃসরণ নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্য। এ পরিকল্পনা অনুসারে, ২০৩৫ সালের মাধ্যমে এসব অঞ্চলে নতুন পেট্রলচালিত যানবাহন বিক্রি নিষিদ্ধ করা হবে। খবর ফক্স নিউজ।

মূলত ক্যালিফোর্নিয়ায় উদ্ভূত অ্যাডভান্সড ক্লিন কারস টু বিধির অধীনে নতুন বিধিনিষেধ আনা হচ্ছে। এ অঙ্গরাজ্যের নীতি অনুসারে, ২০২৬ সাল থেকে পর্যায়ক্রমে পেট্রলচালিত যানবাহনের বিক্রি বন্ধ হবে, যা পুরোপুরি কার্যকর হবে ২০৩৫ সাল নাগাদ।

২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবার এ শূন্য নিঃসরণ নীতি গ্রহণ করে। এবার অন্যান্য আটটি রাজ্য এ পরিকল্পনা বিবেচনা করছে। সামনে আরো কিছু অঙ্গরাজ্য তাদের অনুসরণ করতে পারে। তবে এখন পর্যন্ত বাস্তবায়নের মিছিলে রয়েছে ওয়াশিংটন, ওরেগন, নিউইয়র্ক, নিউজার্সি, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, ডেলাওয়ার ও মেরিল্যান্ড।

তবে সবাই যে এ প্রচেষ্টাকে সমর্থন করছে এমন নয়। গত বছর এক প্রচারণার নেতৃত্ব দিয়েছিল নিউজার্সি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এনজেবিআইএ)। সংস্থাটি নিউজার্সিতে অ্যাডভান্সড ক্লিন কারস টু নীতি বন্ধের চেষ্টা করেছিল।

এনজেবিআইএর চিফ ডেপুরি গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিসার রে ক্যান্টরের মতে, পরিকল্পনাটিতে বিছু বিষয় উপেক্ষা করা হয়েছে। যেমন গ্রাহকদের জন্য বাড়তি ব্যয় ও অবকাঠামোগত অভাবকে সামনেই আনা হয়নি।

তিনি বলেন, ‘খরচ বা বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনা ছাড়া দ্রুত সময়ের মধ্যে নতুন পেট্রলচালিত গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এখানে বিবেচনায় আসেনি সড়কের অবকাঠামোর অভাব। বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতাকে বিবেচনায় নেয়নি। ভোক্তাদের পছন্দকে উপেক্ষা করেছে। নিউজার্সির বাসিন্দাদের, বিশেষ করে নিম্নমধ্যম আয়ের পরিবারের সংগতিকে বিবেচনায় রাখা হয়নি। প্রকৃত পরিবেশগত সুবিধার হিসাব-নিকাশেরও অভাব রয়েছে এতে।’

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জলবায়ুবিষয়ক এজেন্ডা থেকে নতুন নিয়মগুলো এসেছে। এর মাধ্যমে পরিবহন খাতকে পেট্রলচালিত যানবাহন থেকে ইভিতে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে দেশটিতে এ খাতে প্রণোদনাও দেয়া হচ্ছে।

গত বছর দেশটির এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) গাড়ির দূষণের মান নির্ধারণে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে। 

এ পরিকল্পনা ২০২৭-৩২ সালের মধ্যে বাজারে আসা গাড়ির নতুন মডেলকে প্রভাবিত করবে।

ইপিএর লক্ষ্যমাত্রা অনুসারে, ২০৩২ সালের মধ্যে নতুন সেডান, ক্রসওভার, এসইউভি ও হালকা ট্রাকের ৬৭ শতাংশ বিদ্যুচ্চালিত হতে পারে। এছাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাস ও আবর্জনাবাহী ট্রাক, ৩৫ শতাংশ স্বল্প দূরত্বের পণ্যবাহী ট্রাক্টর ও ২৫ শতাংশ দীর্ঘ দূরত্বের পণ্যবাহী ট্রাক্টর বিদ্যুচ্চালিত হবে।