স্বল্প দক্ষতাসম্পন্ন কর্মীদের ওপর নির্ভরতা কমাতে কারখানার কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ লক্ষ্যে কারখানাগুলোয় দ্য ফিউচার ফ্যাক্টরিস প্রোগ্রাম চালু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দার আলখোরায়েফ। খবর আরব নিউজ।
আলখোরায়েফ বলেন, প্রোগ্রামটির লক্ষ্য হলো কারখানার কার্যক্রমে একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম তৈরি করা। পাশাপাশি উৎপাদন খাতকে আধুনিক লাইনে রূপান্তর।
মন্ত্রী আরো বলেন, উচ্চ উৎপাদনে সহায়ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)ভিত্তিক প্রযুক্তিগুলো বিলাসিতার জন্য নয়, বরং কারখানার প্রবৃদ্ধি এবং মুনাফা নিশ্চিত করতে এটি অনিবার্য হয়ে উঠেছে। এআই ও উন্নত প্রযুক্তির ব্যবহার শিল্প উন্নয়ন কৌশলের প্রধান বিষয়। পাশাপাশি এআইয়ের মাধ্যমে উৎপাদনের পূর্বাভাস এবং সিদ্ধান্ত গ্রহণ সহজ করতে প্রয়োগ হচ্ছে বলেও জানান তিনি।
বন্দার আলখোরায়েফ বলেন, আমরা বিশ্বাস করি যে প্রযুক্তির মাধ্যমে উৎপাদন পদ্ধতি রূপান্তর করার বিশাল সুযোগ রয়েছে। সব প্রযুক্তি প্রতিষ্ঠান, পরামর্শ প্রদানকারী সংস্থা এবং পরিষেবা প্রদানকারীদের এ প্রযুক্তিতে যোগ দেয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি।
সৌদি আরবের ৪০টি শহরে ১০ হাজারের বেশি বিভিন্ন শিল্পের কারখানা রয়েছে। দেশটির জিডিপির ১১ শতাংশই আসে এসব কারখানার উৎপাদনের মাধ্যমে।










