লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের। আগামীকাল থেকে ব্যাংকটির লেনদেন স্বাভাবিকভাবে চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) সম্মতি পেয়েছে এসবিএসি ব্যাংক। এ সম্মতি পাওয়ার পর স্টক লভ্যাংশ বিতরণের জন্য আজ রেকর্ড ডেট নির্ধারণ করেছে তালিকাভুক্ত ব্যাংকটি।
২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। বাকি ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণেও সম্মতি দিয়েছে বিএসইসি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা।










