ভারতের আকরিক লোহা রফতানি ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করেছে। পণ্যটির ওপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহার এবং চীনে জিরো কভিড নীতিতে শিথিলতা রফতানি বাড়াতে সহায়তা করছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
চলতি মাসের প্রথম দুই সপ্তাহে দেশটি অন্তত ছয় লাখ টন আকরিক লোহার রফতানির চুক্তি করেছে, যা গত মাসের একই সময়ের চেয়ে দ্বিগুণ বেশি। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ৬০ শতাংশ।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, জুনে দেশটি ৩ লাখ ১০ হাজার টন, জুলাইয়ে পাঁচ লাখ ও আগস্টে ৪ লাখ ১০ হাজার টন আকরিক লোহা রফতানি করে। সেপ্টেম্বরে রফতানি শূন্যের কোটায় নেমে গিয়েছিল। তবে অক্টোবরে সেটি বেড়ে ১ লাখ ৩০ হাজার টনে উন্নীত হয়।
সেপ্টেম্বর ও অক্টোবরে নিম্নমুখী পণ্যবাজার, করোনা প্রতিরোধে চীনে কঠোর বিধিনিষেধ এবং ভারতে আকরিক লোহার ওপর উচ্চ রফতানি শুল্ক আরোপ পণ্যটির রফতানি কমে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় নভেম্বরে রফতানি পৌঁছেছে ২ লাখ ৯০ হাজার টনে।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আকরিক লোহার ওপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহার করায় গত মাসেই পণ্যটির রফতানি বেড়েছে। এ মাসেও সে ধারা অব্যাহত আছে। এদিকে পরিমাণের দিক থেকে বাড়লেও মূল্যমানের দিক থেকে রফতানি কমেছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।










