সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে পণ্য খাতে ভারতীয় শিল্পগ্রুপ বেদান্তের সঙ্গে কারখানা করছে তাইওয়ানের ফক্সকন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১৯৫০ কোটি ডলার বিনিয়োগ করছে তারা। এর মাধ্যমে রাজ্যটি পাচ্ছে এক লাখের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ। খবর রয়টার্স।
সম্প্রতি স্বাক্ষরিত যৌথ উদ্যোগটি আহমেদাবাদ শহরের কাছে কারখানা স্থাপনের জন্য মূলধন ব্যয় ও বিদ্যুতের উপর সরকারি ভর্তুকি পাচ্ছে। এর মধ্যে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির কোনো রাজ্যে সবচেয়ে বড় বিনিয়োগ বলে প্রচার শুরু করেছে শাসকগোষ্ঠী।
তাইওয়ানের মতো অল্প কয়েকটি দেশে বিশ্বের বেশির ভাগ চিপ উৎপাদিত হয়। এ খাতে খানিকটা দেরিতে পা রাখা ভারতীয় কোম্পানিগুলো সরকারী প্রণোদনা পাচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেদান্তের চেয়ারম্যান অনিল আগারওয়াল জানান, আগামী দুই বছরের মধ্যে ডিসপ্লে ও চিপ উৎপাদনের লক্ষ্য রেখে তারা এগোচ্ছে। পরে টুইটারে বলেন, ভারতের নিজস্ব সিলিকন ভ্যালি এখন নিকটে।
এ দিকে রাজ্য সরকার বলছে, একটি ডিসপ্লে কারখানায় সাড়ে ৯৪ হাজার রুপি ও আলাদা চিপ-সংশ্লিষ্ট ইউনিটে ৬০ হাজার রুপি বিনিয়োগ করবে বেদান্ত। সামগ্রিকভাবে একটি হাইটেক অবকাঠামো নির্মাণে রাজ্য সরকারের সঙ্গে বেদান্ত ও ফক্সকন ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রকে পেছনে ফেলে এই প্ল্যান্টটি জিতে নিয়েছে গুজরাট। এখানে প্রযুক্তিগত অংশিদার হিসেবে রয়েছে ফক্সকন, অন্যদিকে তেল থেকে ধাতুসহ নানান দিকে প্রসারিত শিল্প গোষ্ঠী বেদান্ত অর্থায়ন করছে।
ফক্সকন বলছে, গুজরাটের অবকাঠামো ও সরকারের সক্রিয় সমর্থন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনে তাদের আত্মবিশ্বাস বাড়যি়ছে। অন্যদিকে ভারত সরকার বলছে, সেমিকন্ডাক্টর উত্পাদনে বিনিয়োগকারীদের জন্য প্রাথমিক ১ হাজার কোটি ডলার পরিকল্পনার বাইরেও প্রণোদনা বাড়াবে।
আন্তর্জাতিক কনসোর্টিয়াম আইএসএমসি ও সিঙ্গাপুর-ভিত্তিক আইজিএসএসের পর তৃতীয় কোম্পানি হিসেবে ভারতে চিপ কারখানা করছে বেদান্ত। অন্য দুটি কারখানা স্থাপিত হয়েছে দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুতে।










