নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় প্রায় ৯৩ একর জমির ওপর পূর্বগাঁও ইকোনমিক জোন করছে সিটি গ্রুপ। এতে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান। তিনি বলেন, এ অর্থনৈতিক জোনে কর্মসংস্থান হবে প্রায় ১১ হাজার লোকের।

মঙ্গলবার (৫ মার্চ) সিটি গ্রুপের আওতাধীন পূর্বগাঁও ইকোনমিক জোনকে লাইসেন্স প্রদান করেছে বেজা। লাইসেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

সিটি গ্রুপ সূত্রে জানা যায়, পূর্বগাঁও ইকোনমিক জোনে স্টিল মিলস, কেমিক্যালস এবং সিরামিক খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এ লক্ষ্য সামনে রেখে টেকসই ও পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তারা পরিকল্পনা করেছে। ঢাকা-সিলেট মহাসড়কের অদূরে প্রাথমিকভাবে প্রায় ৯৩ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। যা ভবিষ্যতে ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ অর্থনৈতিক অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর তীরে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় নৌপথ ও সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটির অবস্থান রাজধানী থেকে ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে।

বেজা এরই মধ্যে ২২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে এবং এদের মধ্যে ১২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত লাইসেন্স পেয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৫ হাজার লোকের।

ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, সিটি গ্রুপ এর আগে অত্যন্ত সফলতার সঙ্গে সিটি ইকোনমিক জোন ও হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং সেই সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তিনি বলেন, সে একই ধারায় পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে। সামনে হাইটেক পার্ক নির্মাণেরও চিন্তা আছে সিটি গ্রুপের।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, শিল্পে গ্যাসের সংকট সাময়িক। এলএনজি আমদানির মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। যুদ্ধের কারণে তেল, গ্যাস সরবরাহের সংকট দেখা দিচ্ছে।