একসময় হার্মেসের কমলা রঙে আইফোন বেশ আলোচনায় এসেছিল। এবার সে তালিকায় যুক্ত হতে পারে বিলাসবহুল জুতার ব্র্যান্ড লুবুতাঁর বিখ্যাত লাল রঙ। খবর এনগ্যাজেট।
অ্যাপল বিশ্লেষক হিসেবে পরিচিত মার্ক গারম্যানের বরাতে জানা গেছে, আইফোন প্রো মডেলের জন্য নতুন প্রিমিয়াম রঙের বিকল্প নিয়ে ভাবছে অ্যাপল। তার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী প্রজন্মের আইফোন প্রো মডেলের জন্য ‘লাল’ রঙকে নতুন ফ্ল্যাগশিপ কালার হিসেবে পরীক্ষামূলকভাবে বিবেচনা করা হচ্ছে। যদিও আইফোন ১৮ সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনো সময় আছে। নতুন সিরিজটি চলতি বছরের শেষের দিকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এরই মধ্যে নতুন রঙের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
তবে আইফোনের ক্ষেত্রে লাল রঙের ব্যবহার এবারই প্রথম নয়। এর আগেও অ্যাপল ‘প্রোডাক্ট রেড’-এর সঙ্গে যৌথ উদ্যোগে গাঢ় লাল রঙের আইফোন বাজারে এনেছিল। এর মধ্যে ছিল আইফোন এসই, আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেল।
গারম্যান আরো জানান, নতুন সিরিজে বেগুনি ও বাদামি রঙের আইফোন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার ধারণা, এগুলো মূল লাল রঙেরই ভিন্ন ভিন্ন শেড হতে পারে।
লাল রঙ অ্যাপলের চিরাচরিত তুলনামূলক মার্জিত ঘরানা থেকে কিছুটা ভিন্ন। তবে বিক্রির গতি ধরে রাখতে প্রতিষ্ঠানটি হয়তো আরো উজ্জ্বল রঙের দিকেই ঝুঁকছে। বিশেষ করে চীনের বাজারে ভালো সাড়া পাওয়া আইফোন ১৭ সিরিজের ‘কসমিক অরেঞ্জ’ রঙের সাফল্যকে এগিয়ে নিতে চাইছে অ্যাপল।
অ্যাপল ভক্তদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ‘হার্মেস অরেঞ্জ’ নামে পরিচিত উজ্জ্বল কমলা রঙটি চীনের বাজারে ধীরে ধীরে এক ধরনের ‘স্ট্যাটাস সিম্বলে’ পরিণত হয়েছে।
বিশ্লেষকদের মতে, পরবর্তী আইফোন প্রোর জন্য ‘লাল’ রঙকে বেছে নেয়া হলে চীনের বাজারে অ্যাপলের বিক্রি আরো কয়েক গুণ বাড়তে পারে। কারণ চীনা সংস্কৃতিতে লাল রঙকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে বহুল প্রতীক্ষিত ‘ফোল্ডেবল’ বা ভাঁজযোগ্য আইফোনের ক্ষেত্রে অ্যাপল কিছুটা সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন গুরম্যান। তার প্রতিবেদন অনুযায়ী ফোল্ডেবল আইফোনে প্রতিষ্ঠানটি উজ্জ্বল বা পরীক্ষামূলক রঙের বদলে তুলনামূলক সাধারণ ও মৌলিক রঙেই সীমাবদ্ধ থাকতে পারে।










