কিউ-এস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬ এ স্থান করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এশিয়ার শীর্ষ ১৪০১-১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে।
বিইউবিটির এ অর্জন বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও গবেষণার ধারাবাহিক উৎকর্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়েছে।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, কিউ-এস এশিয়া র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ স্বীকৃতি প্রমাণ করে যে, বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও উৎকর্ষতার ফল আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এ অর্জন বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে শক্তিশালী করতে বিইউবিটিকে আরো অনুপ্রাণিত করবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ সাফল্য সম্ভব হয়েছে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে। তাদের অবদানেই এ গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
—বিজ্ঞপ্তি










