এসিআই এগ্রোকেম লিমিটেড নামে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনস লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ কোম্পানির ৯০ শতাংশ মালিকানা থাকবে এসিআই ফরমুলেশনসের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, সাবসিডিয়ারি কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সাবসিডিয়ারি কোম্পানিটি গঠন করতে চায় এসিআই ফরমুলেশনস।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসিআই ফরমুলেশনসের সমন্বিত আয় হয়েছে ৩৪৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৩০১ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ৪৩ কোটি টাকা বা ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৩৬ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৮৫ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯৭ পয়সায়।