কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে সরব হয়ে উঠছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর। উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের হিসাবে বিমানবন্দরটি মহামারীপূর্ব রেকর্ডকে ছাপিয়ে যাবে আগামী বছর। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত শুধু আগামী গ্রীষ্মের জন্যই ২ লাখ ৬৩ হাজার ৪টি স্লট বরাদ্দ দিয়েছে বিমানবন্দরটি। গত সপ্তাহে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার সম্মেলনে এমনটাই তুলে ধরে বিমানবন্দর করপোরেশন। খবর কোরিয়া টাইমস।

সাধারণত নির্ধারিত সময় অনুযায়ী উড়োজাহাজ চালনার জন্য ব্যস্ত বিমানবন্দরগুলোয় স্লটের ব্যবস্থা রাখা হয়। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার বিমানের জন্য বরাদ্দ দেয়া হয় একটি স্লটকেই।

ইনচিওন বিমানবন্দরে মার্চ থেকে অক্টোবরের মধ্যে স্লট বরাদ্দের নতুন এই রেকর্ড ২০২০ সালের একই সময়ের তুলনায় ২৬৫ শতাংশ বেশি।

অন্যদিকে ২০১৯ সালের ওই সময়ের তুলনায় বেশি ১২ দশমিক ৫ শতাংশ। ফলে করোনা মহামারীর পর আগামী বছর নতুন উদ্যমে যাত্রা করছে ইনচিওন বিমানবন্দর।