পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বোচ্চ ১৫ লাখ টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বেস্ট হোল্ডিংস শেয়ারের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১০ হাজার টাকা বা এর গুণিতক। তবে এর সর্বোচ্চ সীমা ১৫ লাখ টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিপত্রে এ সংশোধনী আনা হয়।

শুরুতে কোম্পানিটির আইপিও আবেদন ৮-১৪ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী, এটি আগামীকাল শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে শেয়ারের কাট অব প্রাইস (প্রান্তসীমা মূল্য) ৩৫ টাকা নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা (ইআই)। ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে এ দর নির্ধারণ করেছেন ইআইরা। কাট অব প্রাইসের তুলনায় ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকায় কোম্পানিটির শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা।

ইলেকট্রনিক বিডিংয়ে ২০-৩৫ টাকা পর্যন্ত কোম্পানিটির দর ওঠে। এর মধ্যে ৮৩ জন বিডার ৩৫ টাকা দরে বিড করেছেন। শেষ পর্যন্ত এটিই কাট অব প্রাইস হিসেবে নির্ধারণ হয়েছে। গত ২০-২৩ নভেম্বর কোম্পানিটির কাট অব প্রাইস নির্ধারণে ইলেকট্রনিক বিডিং অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৫তম সভায় বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন অনুমোদন করা হয়। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

কমিশন সভায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের (লা মেরিডিয়ান, বেস্ট হোটেলস লিমিটেড, ধামসুর অর্থনৈতিক অঞ্চল ও অন্যান্য প্রকল্প) আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫০ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে উত্তোলনের প্রস্তাব অনুমোদন করা হয়।