কর্মী বরখাস্তের অভিযোগ থেকে টেসলাকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি লেবার বোর্ড। ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড (এনএলআরবি) সম্প্রতি ওয়ার্কার্স ইউনাইটেডের এ অভিযোগ খারিজ করেছে। ওয়ার্কার্স ইউনাইটেডের অভিযোগ, নিউইয়র্কের একটি কারখানায় অটোপাইলট সফটওয়্যারের সঙ্গে জড়িত কর্মীদের অবৈধভাবে বরখাস্ত করে টেসলা। খবর রয়টার্স।

ওয়ার্কার্স ইউনাইটেড অভিযোগ করেছিল, টেসলা চলতি বছরের শুরুতে ইউনিয়ন প্রচারাভিযান ঘোষণা করার কয়েকদিনের মধ্যে অসংখ্য অটোপাইলট কর্মীকে বরখাস্ত করেছে।

এর জবাবে প্রতিষ্ঠানটি জানায়, এ বরখাস্তের ঘটনাটি কর্মক্ষমতাভিত্তিক করা হয়েছে। এর সঙ্গে ইউনিয়নের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

অবৈধ অভিযোগ প্রত্যাখ্যান করে এনএলআরবি কর্মকর্তা দুটি পৃথক বিধি লঙ্ঘনের কথা জানান। একটি হলো কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে টেসলার একটি বেআইনি বিধি। অন্যটি হলো টেসলা ইউনিয়নের সমর্থনকে হ্রাস করার চেষ্টা।

টেসলা যদি অভিযোগগুলোর সমাধান না করে তবে এনএলআরবি একটি প্রশাসনিক অভিযোগ দায়ের করবে। ফলে টেসলাকে প্রশাসনিক বিচারকের শুনানির মুখোমুখি হতে হবে। তবে টেসলা ও ওয়ার্কার্স ইউনাইটেড পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এনএলআরবির সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাফেলোর কেসটি টেসলার কারখানাগুলোয় দেশব্যাপী ইউনিয়ন তৈরির উদ্যোগের অংশ। ফলে দেশব্যাপী ইউনিয়ন থেকে একাধিক অভিযোগ উত্থাপিত হতে দেখা যায়।

ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়ন সম্প্রতি প্রধান গাড়ি নির্মাতাদের সঙ্গে একটি চুক্তি করেছে। তারা টেসলাসহ ইউনিয়ন ছাড়া অন্যান্য গাড়ির কারখানায় শ্রমিকদের সংগঠিত করার জন্য একটি জোরালো প্রচারাভিযানের পরিকল্পনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে টেসলা ও টয়োটা কোম্পানিতে ইউনিয়ন তৈরির প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছেন। গত এপ্রিলে এনএলআরবির এক বিচারক টেসলার বিরুদ্ধে রায় দিয়ে জানিয়েছিল, ফ্লোরিডার একটি সার্ভিস সেন্টারের সুপারভাইজাররা অবৈধভাবে শ্রমিকদের বেতন ও কাজের শর্ত নিয়ে আলোচনা করতে নিষেধ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত এনএলআরবির আগের সিদ্ধান্তটি বাতিল করে। আদালত তখন জানায়, টেসলা ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট কারখানায় শ্রমিকদের ইউএডব্লিউর টি-শার্ট পরা নিষিদ্ধ করার মাধ্যমে শ্রম আইন লঙ্ঘন করেছে।

একই আদালত পৃথকভাবে টেসলার এনএলআরবির রায়ের আপিল বিবেচনা করছে। যেখানে বলা হয়েছে, টেসলার সিইও ইলন মাস্ক ২০১৮ সালে কর্মচারীরা যদি ইউনিয়নে যোগদান করেন, তবে তারা স্টক অপশন হারাবেন এমন টুইট করার মাধ্যমে ফেডারেল শ্রম আইন লঙ্ঘন করেছেন।