২৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে এ মেলার উদ্বোধন করা হবে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। চতুর্থবারের মতো আয়োজিত এ উদ্যোক্তা মেলার পর্দা নামবে ১ মার্চ।
ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’-এ অংশ নেবে। এ মেলায় অংশগ্রহণকারী বেশির ভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এ বছরও নারী উদ্যোক্তাদের এ মেলায় অংশ নিতে নিজেদের কোনো খরচ করতে না, মেলার সব ব্যয় বহন করবে ব্র্যাক ব্যাংক।
মেলায় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাট পণ্য, প্রক্রিয়াজাত চামড়াপণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার পণ্য এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করবেন। এছাড়া মেলায় আগতদের জন্য থাকছে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাইসহ বিভিন্ন স্টল।
নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর ও কার্ড পেমেন্ট সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনো পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
মেলা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘উন্নয়নের সম-অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে। ‘তারা উদ্যোক্তা মেলা’র মাধ্যমে উদ্যোক্তারা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন।’ নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাদের পণ্যের প্রসারে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে এ রকম আরো অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরো বেশি গ্রাহকদের কাছে পৌঁছতে সহায়তা করবে।










