আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো বেড়েছে। গতকাল মূল্যবান ধাতুটির দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭৪০ ডলার ছাড়িয়ে গেছে। মূলত নভেল করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে স্বর্ণের বাজার আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাজারে গতকাল ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৭৪০ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। দিন শেষে মূল্যবান ধাতুটির স্পটমূল্য আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭৩১ ডলার ৪৯ সেন্টে উন্নীত হয়েছে।

ওনাডা করপোরেশনের পণ্যবাজারবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক জেফরি হ্যালি বলেন, একদিকে নভেল করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে চীন-ভারত, উত্তর-দক্ষিণ কোরিয়ার মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা চলছে। এসব কারণে স্বর্ণের বাজার ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে।  এদিকে গতকাল প্রতি আউন্স রুপা ১৭ ডলার ৫৫ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।