সেরা করপোরেট গভর্ন্যান্স, অ্যাকাউন্ট্যাবিলিটি এবং ট্রান্সপারেন্সির জন্য আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল)। দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ অ্যাওয়ার্ড দেয়। সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত দশম আইসিএসবি জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমবিএলের সিএফও শফিক মোশাররফ এবং কোম্পানি সেক্রেটারি মো. সাহাবুদ্দিনের হাতে অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
অনুষ্ঠানে এমবিএলের পাশাপাশি যেসব প্রতিষ্ঠান করপোরেট গভর্ন্যান্স, অ্যাকাউন্ট্যাবিলিটি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড মেনে চলে তাদের স্বীকৃতি প্রদান করা হয়।
দেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১৪টি ভিন্ন ক্যাটাগরির অধীনে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেয়া হয়, যেখানে ম্যারিকো ‘উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে।
এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড রজত দিবাকার বলেন, বাংলাদেশে গভর্ন্যান্স ও ট্রান্সপারেন্সির নতুন মানদণ্ড নির্ধারণে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি রক্ষার ফলস্বরূপ আমাদের নিরন্তর প্রচেষ্টাকে স্বীকৃতি প্রদানের জন্য আইসিএসবিকে অসংখ্য ধন্যবাদ। —বিজ্ঞপ্তি










